সোশ্যাল মিডিয়ার ঝকঝকে পোস্ট নয়, এবার সরাসরি মানুষের দুয়ারে পৌঁছেই সংগঠন মজবুত করতে চায় ভারতীয় জনতা পার্টি। মোদী সরকারের দীর্ঘ ১২ বছরের শাসনামলকে সামনে রেখে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ কড়া নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। গতকাল দিল্লিতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, শুধু ভার্চুয়াল দুনিয়ায় সক্রিয় থাকলেই চলবে না, কার্যকর্তাদের মাটির কাছাকাছি থেকে কাজ করতে হবে।
নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের সব রাজ্যের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। পশ্চিমবঙ্গ থেকে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। নীতিন নবীন বৈঠকে সাফ জানিয়ে দেন, বিজেপি কর্মীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা কমাতে হবে। ভোটারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তৃণমূল স্তরে সংগঠনের মনোবল দৃঢ় করার লক্ষ্যে রাজ্য সভাপতিদের কর্মীদের অভাব-অভিযোগ শোনার এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।
মোদী সরকারের ১২ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে ‘বিশ্বাস, উন্নয়ন ও জনস্বার্থ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নামছে দল। আগামী ৮ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে প্রচার সপ্তাহ। এই সময়ের মধ্যে কেন্দ্র ও রাজ্যস্তরে সাংবাদিক বৈঠক, বৃক্ষরোপণ, স্বচ্ছতা অভিযান এবং ‘পাবলিক ওয়েলফেয়ার ক্যাম্প’ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে। প্রচারের অন্যতম প্রধান উপজীব্য হিসেবে নরেন্দ্র মোদীর দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডটিকে তুলে ধরা হবে।
এদিকে, সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। একসময়ের দক্ষ ও প্রবীণ সংগঠকদের ফের মূলস্রোতে ফিরিয়ে আনতে একটি বিশেষ সাংগঠনিক ইউনিট গঠন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়া প্রবীণ কার্যকর্তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে নীতিন নবীন এই নতুন ইউনিটের দায়িত্ব দিয়েছেন বর্ষীয়ান আরএসএস নেতা এবং উত্তরপ্রদেশ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। নবীনের লক্ষ্য, নতুন প্রজন্মের উদ্যমের সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে সংগঠনকে অপ্রতিরোধ্য করে তোলা। বিজেপির এই নয়া রণকৌশল আগামী দিনে তৃণমূল স্তরে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।





