রবিবার বিকেলে তালসারিতে ‘ভোলানাথ পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক পরিণতি ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তাঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো শিউরে ওঠার মতো। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অভিনেতার ফুসফুস স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ ফুলে গিয়েছিল। শ্বাসনালী এবং ফুসফুসের গভীরে প্রচুর পরিমাণে নোনাজল এবং বালির কণা পাওয়া গিয়েছে।
চিকিৎসকদের মতে, সমুদ্রের লোনা জল এবং বালি শ্বাসনালীতে ঢুকে যাওয়ায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয় (Asphyxiation due to drowning)। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ওয়েট ড্রাউনিং’ বলা হয়। যখন তিনি জলের নিচে তলিয়ে গিয়েছিলেন, তখন বাঁচার শেষ চেষ্টায় শ্বাস নেওয়ার সময় প্রচুর বালি ও জল তাঁর শরীরের ভেতরে ঢুকে যায়, যা তাঁর ফুসফুসকে অকেজো করে দেয়। উল্লেখ্য, সহ-অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, রাহুল সম্ভবত জলের নিচে কোনো কিছুর সঙ্গে আটকে গিয়েছিলেন। সোমবার দুপুরে তাঁর দেহ কলকাতায় আনা হলে টলিপাড়ার কলাকুশলী থেকে শুরু করে অনুরাগীরা কান্নায় ভেঙে পড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর এই অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।