বিহার বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের জেরে বড়সড় আইনি ও রাজনৈতিক বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার বিহারের সকরায় এক নির্বাচনী জনসভায়। রাহুল গান্ধি সেখানে দাবি করেন যে নরেন্দ্র মোদি ‘ভোটের জন্য যা খুশি করতে পারেন, নাচতেও পারেন’। তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি যে কোনও নাটক করার জন্য প্রস্তুত থাকেন। একবার বলে দেখুন কোনও ভোটের মিছিলে, মি. প্রাইম মিনিস্টার, আপনি যদি নাচেন, আমরা ভোট দেব, উনি তখনই ভারত নাট্যম দেখিয়ে দেবেন।’’
রাহুলের এই মন্তব্যের পরই বিহার তথা গোটা ভারতে তীব্র সমালোচনা শুরু হয়।
আইনি পদক্ষেপ: বৃহস্পতিবার মুজফফরপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CJM) কাছে সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী রাহুল গান্ধির বিরুদ্ধে এই মন্তব্য ঘিরে অভিযোগ দায়ের করেছেন। আগামী ১১ নভেম্বর এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক অভিযোগ: অন্যদিকে, এই মন্তব্য ঘিরে বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রাহুল গান্ধির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বিহার বিজেপি। বিজেপির দাবি, রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।
নির্বাচন কমিশন কো-অর্ডিনেশন ডিপার্টমেন্টের বিজেপি কনভেনার তাঁর অভিযোগপত্রে লিখেছেন, ‘‘এই ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে।’’ তিনি উল্লেখ করেছেন, এমন মন্তব্য আদর্শ আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদের অবমাননা করেছে।
এছাড়াও, বিজেপি আরও একটি গুরুতর অভিযোগ করেছে। তাদের দাবি, রাহুল গান্ধি ‘নাটক’ শব্দটি ব্যবহার করে ছট পুজোর মতো পবিত্র উৎসবকেও অশ্রদ্ধা করেছেন। বিজেপি অভিযোগ করেছে, রাহুল ছট পুজোয় মোদির যমুনায় স্নান করাকে ‘নাটক’ বলে দেগে ছটপুজোর অপমান করেছেন। এসবে বিহারের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।





