হুগলির পোলবা থানা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চক গোটু গ্রামে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রীনা সাঁতরা (৪২)। বৃহস্পতিবার দুপুরে বোনের বাড়ি যাওয়ার জন্য ছেলে তাঁকে ট্রেকারে তুলেও দিয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি।
পুরোনো তালাবন্ধ বাড়ি থেকে উদ্ধার
জানা গিয়েছে, চক গোটু গ্রামের বাসিন্দা রীনা সাঁতরা তাঁর ১৫ বছরের নাবালক ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে তাঁর স্বামী পুকুরে ডুবে মারা যান। অন্যদিকে, তাঁর বিবাহিত মেয়েও কিছুদিন আগে আত্মঘাতী হয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ রীনা হারিট গ্রামে তাঁর বোনের বাড়ি যাবেন বলে ছেলেকে নিয়ে বের হন। ছেলে সুগন্ধা বাগপাড়া মোড় থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। ঘণ্টা খানেক পর মাসতুতো দাদাকে ফোন করে সে জানতে পারে যে মা সেখানে পৌঁছননি। এরপর খোঁজ শুরু হলেও সারাদিন তাঁর কোনও সন্ধান মেলেনি। বিষয়টি পুলিশ ফাঁড়িতেও জানানো হয়।
শুক্রবার সকালে রীনা সাঁতরার চক গোটু গ্রামের পুরোনো তালাবন্ধ বাড়িতে গিয়ে দেখা যায়, গলায় সাদা কাপড়ের ফাঁস দেওয়া অবস্থায় তিনি ঝুলছেন।
অভাব না থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, রীনা সাঁতরার অল্প কিছু জমি ছিল এবং তিনি এখন আর অভাবে ছিলেন না। তবুও কেন তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছেন না আত্মীয়রা। পরিবারের এমন করুণ পরিণতির পর, রীনা সাঁতরার এই রহস্যজনক মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
পোলবা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়ায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মহিলার মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।