রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে এবার সরকারি কর্মচারী এবং বেকার যুবকদের মন জয়ে বড় বাজি ধরল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালু করা হবে। এর পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মেটানোর প্রক্রিয়াও শুরু করবে সরকার। শাহের এই ঘোষণা রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
শুধু সরকারি কর্মী নয়, কর্মসংস্থান নিয়েও এদিন বড় আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যে বর্তমান সরকারের আমলে কয়েক লক্ষ সরকারি পদ শূন্য পড়ে রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছতার সঙ্গে সেই সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করবে। অমিত শাহের কথায়, “বাংলার যুবকদের আর কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে হবে না। আমরা বাংলায় শিল্পের পরিবেশ ফেরাব এবং সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করব।” রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘যুবসাথী’র মতো প্রকল্পের পাল্টা হিসেবেই শাহ এই মেগা ইশতেহারের আগাম ইঙ্গিত দিলেন। ইদানিং কালে ডিএ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারীদের দূরত্ব বেড়েছে, আর সেই ক্ষোভকেই ভোটের বাক্সে বদলাতে মরিয়া গেরুয়া শিবির। শাহের এই আশ্বাসের পর এখন শাসক দলের পালটা প্রতিক্রিয়ার অপেক্ষায় রাজনৈতিক মহল।