নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ মামলা নিয়ে নবান্ন ও নির্বাচন কমিশনের লড়াই এবার পৌঁছল সুপ্রিম কোর্টের আঙিনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়েই জুডিশিয়াল অফিসারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন।
সিব্বলের দাবি, কমিশন বিচার বিভাগীয় অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছে এবং কোন নথি গ্রহণ করা হবে আর কোনটা হবে না, তা নিয়ে খবরদারি করছে। এমনকি মহকুমা শাসকদের (SDO) দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করতেও বারণ করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। তবে এই সওয়াল চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিছুটা বিরক্তি প্রকাশ করে মন্তব্য করেন, “প্রতিদিন এভাবে আদালতে আসলে তো আমাদের পক্ষে মুশকিল।”
অন্যদিকে, কমিশনের প্রশিক্ষণ দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে বিচারপতি জয়মাল্য বাগচি পাল্টা জানতে চান, কমিশন না দিলে এই প্রশিক্ষণ কে দেবে? প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বিচারকরা জানেন তাঁদের ঠিক কী করতে হবে। ভোটার তালিকা ও নথি সংক্রান্ত এই টানাপোড়েনে রাজ্য রাজনীতিতে এখন তীব্র চাঞ্চল্য।