হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরকাঘাটে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে নৈণ গ্রাম সংলগ্ন এলাকায় ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ছাত্রীটি প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। অত্যন্ত ঠান্ডা মাথায় ছাত্রীর গলা কেটে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ ও মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এই ঘটনার পর থেকে স্থানীয় জনমানসে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। মান্ডির পুলিশ অফিসার বিনোদ কুমার জানিয়েছেন, “পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।” স্থানীয় কংগ্রেস নেতা যুদোপতি ঠাকুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই তরুণীকে লক্ষ্য করা হলো, তা এখনও স্পষ্ট নয়।





