আলিপুরদুয়ারে ৩১সি জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শামুকতলা থানার পুটিমারি গ্রাম। সোমবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি রাস্তার ধারের বটগাছে সজোরে ধাক্কা মারলে মৃত্যু হয় তিন যুবকের। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি ভেঙে তিন টুকরো হয়ে যায়। এই ঘটনায় আরও এক যুবক বর্তমানে কোচবিহার মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতরা হলেন পার্থিব ঘোষ (২৪), অভিজিৎ দাস (২৪) এবং দ্বীপ দাস (২৩)। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিনয় পাল চৌধুরী (২৩)। মৃতদের মধ্যে একজন রাজাভাতখাওয়ার বাসিন্দা এবং বাকিরা আলিপুরদুয়ার জংশন এলাকার। সোমবার রাত ২টো ১৮ মিনিট নাগাদ আলিপুরদুয়ার শহর থেকে বারবিশার দিকে যাওয়ার পথে পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, জাতীয় সড়কের ওপর ছিটকে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত দেহগুলো।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণেই এই বিপর্যয়। মৃত যুবকদের বন্ধুদের দাবি, সোমবার রাতে আলিপুরদুয়ার শহরে তাঁরা পিকনিক করেছিলেন। এরপর রাত বাড়লে নিছক চা খাওয়ার নেশায় বারবিশার দিকে রওনা হয়েছিলেন চার বন্ধু। কিন্তু সেই আনন্দযাত্রাই যে শেষযাত্রায় পরিণত হবে, তা কেউ ভাবেনি। শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





