রাজ্য সরকারি কর্মীদের মৃত্যু পরবর্তী আর্থিক প্রাপ্য নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের পেনশন শাখার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে কোনো কর্মীর মৃত্যু যদি অবসরের আগেই হয়, তবে তাঁর বিবাহিত এবং বিবাহবিচ্ছিন্না কন্যারাও উত্তরাধিকারী হিসেবে আর্থিক সুবিধার দাবিদার হতে পারবেন। এতদিন ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ পরিষেবা বিধি অনুযায়ী এই তালিকায় শুধুমাত্র স্বামী/স্ত্রী, অবিবাহিত কন্যা, বিধবা কন্যা বা নাবালক ভাই-বোনেরা অন্তর্ভুক্ত ছিলেন।
নবান্ন সূত্রে খবর, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল মৃত কর্মীর একমাত্র নিকটাত্মীয় হিসেবে তাঁর বিবাহিত বা বিবাহবিচ্ছিন্না কন্যাই রয়েছেন। কিন্তু পুরনো আইনের বেড়াজালে তাঁরা কোনো আর্থিক সাহায্য পেতেন না। নতুন এই সংশোধনের ফলে সেই আইনি জট কাটল। শুধু তাই নয়, এর আগে যে সমস্ত দাবি ঝুলে ছিল, সেগুলিও নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাঁদের মতে, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই পদক্ষেপ উত্তরাধিকারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।