শিয়ালদহ দক্ষিণ শাখার নিত্যযাত্রীদের জন্য আগামী ৪৮ ঘণ্টা বেশ ভোগান্তির হতে চলেছে। রেল সূত্রে খবর, পার্ক সার্কাস স্টেশনে একটি পুরনো এবং বিপজ্জনক ফুট ওভারব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন। এই কাজের জন্য শনি ও রবিবার মিলিয়ে মোট ২৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২১শে ফেব্রুয়ারি (শনিবার) রাত ১০টা ৪০ মিনিট থেকে ২২শে ফেব্রুয়ারি (রবিবার) সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত টানা ৮ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লক কার্যকর থাকবে।
বাতিল ট্রেনের তালিকায় শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার এবং বজবজ শাখার একাধিক ট্রেন রয়েছে। এর মধ্যে শনিবার রাতে ৮টি এবং রবিবার সকালে ১৫টি ট্রেন বাতিল থাকবে। বিশেষত শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর এবং বজবজ-নৈহাটি শাখার যাত্রীরা সবথেকে বেশি সমস্যায় পড়বেন। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে বালিগঞ্জ পর্যন্ত চালানো হবে।
এক নজরে বাতিল ট্রেনের তালিকা:
-
শনিবার (২১ ফেব্রুয়ারি): ৩৪৭৫৪ ডাউান (লক্ষ্মীকান্তপুর), ৩৪৫৫২ ডাউন (ক্যানিং), ৩৪৮৫৮ ডাউন (ডায়মন্ড হারবার), ৩৪১৬৪ ডাউন (বজবজ) এবং এদের সংশ্লিষ্ট আপ ট্রেনগুলি।
-
রবিবার (২২ ফেব্রুয়ারি): ৩৪৪১২ ডাউন (সোনারপুর), ৩৪৬১২ ও ৩৪৬১৪ ডাউন (বারুইপুর), ৩৪১১৪ ও ৩৪১১৮ ডাউন (বজবজ), ৩৪৮১৮ ডাউন (ডায়মন্ড হারবার), ৩১০৫১ আপ (বজবজ-নৈহাটি) সহ মোট ১৫টি ট্রেন।
রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই পুরনো ওভারব্রিজটি সরিয়ে ফেলা জরুরি। তাই কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রবিবার সকালের পর থেকে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। তবে এই ব্লকের কারণে সপ্তাহের শেষে শিয়ালদহ দক্ষিণ শাখায় ভিড় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।