পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের ৪০ দিন পর অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। আর এই শান্তি ঘোষণার পরপরই কূটনৈতিক তৎপরতা শুরু করল ভারত। আগামী ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। যুদ্ধ থামার পর এই অঞ্চলে ভারতের পক্ষ থেকে এটাই প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, জয়শঙ্কর প্রথমে মরিশাসে ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দেবেন। সেখান থেকে সরাসরি পৌঁছাবেন আবুধাবিতে। সেখানে ইউএই-এর বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তাঁর মেগা বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার মূল কেন্দ্রে থাকবে জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যিক স্থিতিশীলতা। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতের মতো আমদানিকারক দেশগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। এখন যুদ্ধবিরতির আবহে সেই সরবরাহ স্বাভাবিক করাই নয়াদিল্লির প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, যুদ্ধ চলাকালীনও জয়শঙ্কর ইরান ও কাতারের মতো দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। ভারত বরাবরই পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সওয়াল করে আসছে। এই সফর সেই বার্তাকেই আরও জোরালো করবে। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সুরক্ষা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়েও এই সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।





