স্মার্টফোনে একটি সাধারণ অ্যাপ ইনস্টল করাই যে কাল হবে, তা কল্পনাও করতে পারেননি স্বপন নামের এক ব্যক্তি। বড় অঙ্কের রিটার্নের লোভ দেখিয়ে তাঁর থেকে ধাপে ধাপে ৯৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এই চাঞ্চল্যকর প্রতারণা মামলায় অবশেষে বড়সড় সাফল্য পেল ইকো পার্ক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত পবন রুইয়াকে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী স্বপনকে একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে প্রলুব্ধ করা হয়েছিল। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, এই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করলে খুব অল্প সময়েই কয়েক গুণ টাকা ফেরত পাবেন তিনি। সেই ফাঁদেই পা দিয়ে ফেলেন তিনি। এরপর কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৯৩ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়। যখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে ইকো পার্ক থানার দুঁদে আধিকারিকরা। যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছিল, সেগুলির ডিজিটাল ফুটপ্রিন্ট এবং কেওয়াইসি (KYC) খতিয়ে দেখে পুলিশ পবন রুইয়ার হদিশ পায়। অভিযুক্তের বাসস্থানে হানা দিয়ে তাঁকে পাকড়াও করা হয়। এই চক্রের সাথে আরও বড় কোনো গ্যাং জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত অ্যাপ ইনস্টল করার বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।