নোটবন্দির মতো লাইন কেন? গ্যাস সংকটে উত্তাল দেশ, হলদিয়া-দুর্গাপুরকে কড়া নির্দেশ নবান্নর

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়ায় দেশে রান্নার গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখপাত্র তন্ময় ঘোষ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের দূরদর্শিতার অভাবেই আজ দেশজুড়ে ‘গ্যাস এমার্জেন্সি’ তৈরি হয়েছে। চন্দ্রিমা বলেন, “প্রধানমন্ত্রী ইজরায়েল গেলেও দেশে গ্যাসের জোগান নিশ্চিত করতে কোনো আগাম ব্যবস্থা নেননি। উল্টে দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে এবং সিলিন্ডার বুকিংয়ের জন্য ২৫ দিনের দীর্ঘ অপেক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে।”

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর দিয়ে তৃণমূল নেতৃত্ব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। রাজ্যে জোগানে টান রুখতে হলদিয়া, কল্যাণী এবং দুর্গাপুরের শোধনাগার থেকে উৎপাদিত গ্যাস আপাতত রাজ্যের বাইরে পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল ও আইসিডিএস কেন্দ্রে রান্না যাতে বন্ধ না হয়, তার ওপর বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। তন্ময় ঘোষ এই পরিস্থিতিকে নোটবন্দি ও লকডাউনের ‘অরাজকতা’র সঙ্গে তুলনা করে বলেন, “বিজেপি বারবার মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করছে।” আগামী ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে প্রধানমন্ত্রীর ব্রিগেড কর্মসূচিকেও ‘ভোটের চমক’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy