রাজ্যে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে পারদ চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। উত্তরবঙ্গ সফর শেষে সোমবার কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “নো এসআইআর, নো ভোট।” শমিকের দাবি, চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়তে চলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, পুলিশ বেআইনিভাবে ‘ফর্ম সেভেন’ বাজেয়াপ্ত করেছে। এমনকি বিভিন্ন জায়গায় দলীয় দফতর ভাঙচুর এবং ফর্মে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে শমিক বলেন, “যথাযথ শুনানি প্রক্রিয়া সম্পন্ন না করে এবং মাঝপথে এসআইআর বন্ধ রেখে নির্বাচনে যাওয়া সম্ভব নয়।”
অন্যদিকে, আগামী ৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানেলে ধরনায় বসার সিদ্ধান্তকেও কটাক্ষ করেছেন শমিক ভট্টাচার্য। তিনি মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী কার স্বার্থে ধরনায় বসছেন তা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। বিজেপি এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। ভোটার তালিকা ঘিরে এই সংঘাতের জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন রীতিমতো উত্তপ্ত।