বাংলার লড়াকু বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কি কোটিপতি? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার পর তাঁর হলফনামা (Affidavit) ঘিরে সাধারণ মানুষের কৌতূহল এখন তুঙ্গে। হলফনামার তথ্য অনুযায়ী, মীনাক্ষীর কোনো বিলাসবহুল বাড়ি বা গাড়ি নেই, এমনকি নেই কোনো বহুমূল্য অলঙ্কারও। তবে ২০২১ সালের তুলনায় তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
২০২১ সালের হলফনামায় মীনাক্ষীর মোট অস্থাবর সম্পত্তি ছিল ১.৩২ লক্ষ টাকা। ২০২৬-এর হলফনামা বলছে, বর্তমানে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫,৭৮,৪৫৬ টাকা। এর মধ্যে তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ২,০০০ টাকা। চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো টাকার পাশাপাশি তাঁর একটি পিপিএফ (PPF) অ্যাকাউন্টও রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া মেদিনীপুরের কুলিয়ানাতে একটি অত্যন্ত ছোট বসতবাড়ি ছাড়া তাঁর নামে আর কোনো স্থাবর সম্পত্তি নেই। বামপন্থীদের ‘ক্যাপ্টেন’ হিসেবে পরিচিত মীনাক্ষীর এই সাদামাটা জীবনযাপন ও স্বচ্ছ হলফনামা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।





