আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। আজ, শনিবার থেকে সারা রাজ্যজুড়ে বুথ লেভেল অফিসারদের (BLOs) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। এই প্রশিক্ষণ মূলত ‘এস আই আর’ (SIR) নামক নতুন এক প্রক্রিয়াকে কেন্দ্র করে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের জন্য ১৬ দফা বিশেষ গাইডলাইন জারি করেছে।
জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ করতে হবে। প্রশিক্ষণের জন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রকে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই বিভাজনের ভিত্তিতে একেকটি ভেন্যুতে কর্মসূচি চলছে। দক্ষিণ কলকাতার ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, টালিগঞ্জ, কসবা, যাদবপুর, মেটিয়াবুরুজ, বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম-সহ একাধিক কেন্দ্রের প্রশিক্ষণ পর্ব আজ নজরুল মঞ্চে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে।
যা যা থাকছে প্রশিক্ষণে: প্রশিক্ষণ কর্মসূচিতে বিএলও-দের কমিশনের বিশেষ কিট, কমিশনের টুপি এবং ‘এস আই আর’ সংক্রান্ত সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে। এছাড়াও, বুথ লেভেল অফিসারদের জন্য একটি বিশেষ অ্যাপস তৈরি করা হয়েছে। সেই অ্যাপ ব্যবহারের কৌশল নিয়েও বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ার পর, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিএলও-রা এনিউমারেটর হিসেবে বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্মের কাজ সম্পন্ন করবেন। মনে করা হচ্ছে, এই নতুন ‘এস আই আর’ প্রক্রিয়া ও বিশেষ অ্যাপের ব্যবহার ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও নির্ভুল ও দ্রুত করবে।