নির্বাচন কমিশনের কোপে খোদ কলকাতার পুর কমিশনার! সুমিত গুপ্তাকে এসআইআর শুনানির নোটিশ

ভোটার তালিকার শুদ্ধিকরণ বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য রাজনীতি ও সুপ্রিম কোর্ট উত্তাল, ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এবার খোদ কলকাতার পুর কমিশনার সুমিত গুপ্তার কাছে পৌঁছে গেল এসআইআর শুনানির নোটিশ। শহরের প্রশাসনিক প্রধানের পদে থাকা ২০০৯ ব্যাচের এই আইএএস আধিকারিককে কমিশনের নোটিশ ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, সুমিত গুপ্তা মূলত উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা হলেও দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার হিসেবে কর্মরত। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক থাকাকালীন তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। কিন্তু নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা ‘আন-ম্যাপড’ ভোটার তালিকায় তাঁর নাম উঠে আসায় এই বিপত্তি। জানা গিয়েছে, ২০০২ সালে তিনি বাংলার ভোটার ছিলেন না, অথচ এনুমারেশন ফর্মে সেই সংক্রান্ত তথ্যের অভাবেই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। ইতিমধ্যেই তিনি আগ্রার ২০০২ সালের ভোটার কার্ডের নথিপত্র জমা দিয়েছেন বলে খবর।

বুধবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলছিলেন, ঠিক সেই সময়ই পুর কমিশনারের মতো উচ্চপদস্থ আধিকারিকের এই নোটিশ প্রাপ্তি বিতর্ককে আরও উসকে দিল। উল্লেখ্য, রাজ্যে প্রায় ৩২ লক্ষ ভোটারকে এই ‘আন-ম্যাপ’ তালিকায় নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে একজন খোদ কলকাতার পুর কমিশনার। এই বিষয়ে সুমিত বাবু সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি না হলেও নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy