রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) রবিবার দুপুরে তাঁর বিধাননগরের বাড়িতে থাকা অফিসেই আক্রান্ত হলেন। সংবাদমাধ্যমকে তিনি দাবি করেন, দলের কয়েকজন কর্মীকে নিয়ে তিনি যখন ‘SIR সংক্রান্ত’ বিষয়ে বৈঠক করছিলেন, সেই সময় আচমকাই এক যুবক ঘরে প্রবেশ করে তাঁর বুকে সজোরে ঘুষি মারে।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা কর্মীরা হামলাকারী যুবককে ধরে ফেলে এবং বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ওই ব্যক্তি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় ছিল। কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। সংগঠনের পক্ষ থেকেও ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
পরে সংবাদমাধ্যমে ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রাক্তন মন্ত্রী জানান, অফিসে প্রবেশ করার আগে তিনি ওই ব্যক্তিকে বাড়ির সামনের রাস্তায় দেখেছিলেন। জ্যোতিপ্রিয়র মনে হয়েছিল, অনেকেই যেমন আর্থিক বা অন্য কোনো সমস্যা নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন, তিনিও হয়তো তেমনই কোনো সাহায্যের জন্য এসেছেন। কিন্তু ঘরে প্রবেশ করেই আগন্তুকটি কাউকে কিছু বুঝতে না দিয়ে প্রাক্তন মন্ত্রীর উপর চড়াও হয়।
সক্রিয়তার মাঝে আক্রমণ:
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় প্রায় ১৪ মাস কারাবাসের পর গত জানুয়ারি মাসে আদালতের নির্দেশে জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর থেকেই তিনি ধীরে ধীরে রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছিলেন। এর দিন কয়েক আগেই তিনি হাবরা হাসপাতালে পরিদর্শনে গিয়ে রোগীর পরিজনদের ক্ষোভের মুখে পড়েছিলেন। সেই সময় তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালের সুপার, থানা ও পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠান এবং রাতের মধ্যেই ওয়েটিং রুমে ফ্যান বসানো ও শৌচাগার ব্যবহারের জন্য টাকা নেওয়া বন্ধ করার কড়া নির্দেশ দিয়ে স্থানীয়দের সন্তুষ্ট করেছিলেন। এমন সক্রিয়তার মাঝে নিজের অফিসেই আক্রান্ত হওয়ায় বিধায়ক স্বাভাবিকভাবেই বিস্মিত ও ক্ষুব্ধ।