ভোটের দামামা বাজার আগেই রাজ্যে ফের উদ্ধার হলো পরিত্যক্ত ভোটার কার্ডের স্তূপ। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। গত পরশু রাত সাড়ে এগারোটা নাগাদ চিনকুঠি মোড়ে রাস্তার ধারের একটি ডাস্টবিন থেকে ৪০ থেকে ৫০টি ভোটার কার্ড উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলো বাজেয়াপ্ত করে।
এই ঘটনায় ঘনীভূত হচ্ছে রহস্য। উদ্ধার হওয়া কার্ডগুলোর মধ্যে আনারুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দার নাম পাওয়া গেছে। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তাঁর অরিজিনাল কার্ডটি তাঁর কাছেই রয়েছে। তাহলে ডাস্টবিনে পাওয়া কার্ডটি কার? এই ঘটনা কি জাল কার্ড তৈরির কোনো বড় চক্রের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে চন্দ্রকোণা এবং নদিয়ার চাকদাতেও একইভাবে ব্যাগভর্তি ভোটার কার্ড উদ্ধার হয়েছিল। সেই সময় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন যে, ছাপ্পা ভোট বা রিগিং-এর উদ্দেশ্যে ছিনিয়ে নেওয়া কার্ডগুলিই এভাবে লোকচক্ষুর অন্তরালে ফেলে দেওয়া হচ্ছে। রানিগঞ্জের এই ঘটনা ফের সেই স্মৃতি উসকে দিল। পুলিশ খতিয়ে দেখছে কার্ডগুলো আসল না জাল এবং কে বা কারা মাঝরাতে এই কার্ডগুলো ফেলে গেল।