বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর উৎসবের আমেজ মানেই পাতে শেষ পাতে মিষ্টি থাকা চাই। সামনেই নববর্ষ, আর এই শুভ লগ্নে দোকানের মতো সুস্বাদু কমলাভোগ যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায়, তবে আনন্দ দ্বিগুণ হতে বাধ্য। ঘরোয়া উপায়ে একদম স্পঞ্জি এবং রসালো কমলাভোগ তৈরির বিস্তারিত পদ্ধতি দেখে নিন।
প্রথমে ১ লিটার ফুল ক্রিম দুধ ফুটিয়ে ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এরপর ছানাটি সুতির কাপড়ে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নিন। এখন একটি থালায় ছানার সাথে ১ চা চামচ সুজি, ১/২ চা চামচ ময়দা, সামান্য কমলা ফুড কালার এবং ২-৩ ফোঁটা অরেঞ্জ এসেন্স মিশিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মেখে মসৃণ করে নিন। এরপর ছোট ছোট ফাটলহীন গোল বল তৈরি করুন।
সিরার জন্য একটি বড় পাত্রে ১ কাপ চিনি ও ৪ কাপ জল ফুটিয়ে তাতে এলাচ ও কমলালেবুর রস দিয়ে দিন। সিরা ফুটতে শুরু করলে ছানার বলগুলো দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ফোটান। এরপর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে উল্টে দিয়ে আরও ১৫ মিনিট রান্না করুন। মিষ্টি ফুলে দ্বিগুণ হলে নামিয়ে ঠান্ডা করে নিন। পরিবেশনের আগে ফ্রিজে রেখে দিলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।





