গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনি—ভারতীয় ক্রিকেটের এই দুই কিংবদন্তির সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনার শেষ নেই। তবে ২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেল। সম্প্রতি এক অনুষ্ঠানে গম্ভীর প্রকাশ্যেই জানালেন, ভবিষ্যতে তিনি ধোনিকে ভারতীয় দলের প্রধান কোচের আসনে দেখতে চান। গম্ভীর বলেন, “একদিন যদি ধোনি ডাগআউটে কোচ হিসেবে বসেন আর আমি বাইরে থেকে তাঁকে শুভেচ্ছা জানাই, তবে সেটাই হবে আমার জন্য সবথেকে আনন্দের মুহূর্ত।”
বিশ্বকাপ জয়ের পর ধোনি সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের হাসির প্রশংসা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনেই গম্ভীর জানান, ফাইনালের দিন ধোনির মাঠে উপস্থিতি তাঁর কাছে অত্যন্ত স্পেশাল ছিল। অতীতে বিশ্লেষক হিসেবে গম্ভীরের অনেক মন্তব্য বিতর্ক তৈরি করলেও, বর্তমানের এই পারস্পরিক শ্রদ্ধা প্রমাণ করছে যে সব তিক্ততা এখন অতীত। বর্তমানে গম্ভীর দুটি আইসিসি ট্রফি জিতে সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে, মাহি আপাতত আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। ৩০ মার্চ রাজস্থানের বিরুদ্ধে শুরু হচ্ছে তাঁদের অভিযান।