বসন্তের শুরুতেই আগুনের ছোঁয়া! দোলের দিন থেকেই বঙ্গে ছড়ি ঘোরাবে চড়া রোদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে গরমের দাপট রাজস্থানকেও হার মানাতে পারে।
তপ্ত দক্ষিণবঙ্গ:
আগামী সাত দিন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকায় সরাসরি রোদের তেজে গরমের অনুভূতি আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকলেও চলতি মাসেই তা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের হালহকিকত:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও শীতের আমেজ বিদায় নিয়েছে। আগামী তিন দিন সেখানে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও, তারপর থেকে পারদ চড়তে শুরু করবে। সেখানেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।
আগামীকাল মঙ্গলবার, দোলের দিন কড়া রোদের মধ্যেই রঙের উৎসবে মাতবে জনজীবন। চৈত্র মাস পড়ার আগেই যেভাবে গরম ‘ব্যাটিং’ শুরু করেছে, তাতে এপ্রিল ও মে মাসে তীব্র তাপপ্রবাহের (Heatwave) আশঙ্কা করছে হাওয়া অফিস।