নয়াদিল্লির ‘AI Impact Summit’-এ জামা খুলে বিক্ষোভ দেখানোর ঘটনায় অভিযুক্ত তিন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা নিয়ে হুলস্থূল কাণ্ড বেঁধে গেল হিমাচল প্রদেশে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হিমাচল পুলিশের মধ্যে এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল দুই রাজ্য। বুধবার শিমলার রোহরু থেকে অভিযুক্তদের তুলে নিয়ে ফেরার পথে সোলানের কাছে দিল্লি পুলিশের পথ আটকায় স্থানীয় পুলিশ।
অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল সাদা পোশাকে চিরগাঁওয়ের একটি রিসর্ট থেকে তিনজনকে জোর করে একটি ‘থর’ গাড়িতে তুলে নিয়ে যায়। এমনকি রিসর্টের সিসিটিভি ক্যামেরার ডিভিআর-ও বাজেয়াপ্ত করা হয় কোনও মেমো ছাড়াই। হিমাচল পুলিশের দাবি, এই গ্রেফতারি প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং একপ্রকার ‘অপহরণের’ সামিল। এর ভিত্তিতে শিমলা পুলিশ চিরগাঁও থানায় একটি এফআইআর দায়ের করেছে।
পাল্টা চাঞ্চল্যকর দাবি করেছে দিল্লি পুলিশও। তাদের স্পেশাল সেল টিমের অভিযোগ, সরকারি কাজে বাধা দিয়েছে হিমাচল পুলিশ। সোলানে আটকের পর তারা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে ক্রস এফআইআর দায়ের করেছে। প্রসঙ্গত, গত সপ্তাহে এআই সামিট চলাকালীন ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে টি-শার্ট খুলে বিক্ষোভ দেখিয়েছিলেন এই যুব কংগ্রেস কর্মীরা। বিজেপি এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বললেও কংগ্রেস একে শান্তিপূর্ণ প্রতিবাদ বলে দাবি করেছে। বর্তমানে ধৃতদের শিমলায় ফিরিয়ে নিয়ে গিয়ে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে।