পিটিশনকারীদের অভিযোগ, ক্রামনিক তাঁর আমেরিকান প্রতিপক্ষ নারোদিতস্কিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘অসংবেদনশীল, অনুমানমূলক এবং ক্ষতিকর’ মন্তব্য করেছেন। গত ২০ অক্টোবর, ২৯ বছর বয়সী নারোদিতস্কির পরিবার তাঁর মৃত্যুকে ‘অপ্রত্যাশিত’ বললেও কারণ জানায়নি। তবে, পুলিশ সম্ভাব্য আত্মহত্যা বা অতিরিক্ত ড্রাগ সেবনের বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
‘চেকমেট, নৈতিকতা: গ্র্যান্ডমাস্টার নারোদিতস্কির মৃত্যুর জন্য ক্রামনিককে দায়ী করলেন নিহাল সারিন, বললেন রুশ তারকাঁর শব্দই তাঁকে ‘হত্যা’ করেছে।’, ‘মুশকিল আসান: দানিয়া নারোদিতস্কির মৃত্যুর পর ক্রামনিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপের কথা বিবেচনা করছে FIDE’—এমন শিরোনামের গল্পগুলি এই বিতর্কে আরও ইন্ধন জুগিয়েছে।
‘#JusticeForDanya’ নামে এই অভিযানে ক্রামনিকের সাসপেনশন এবং FIDE-এর সিইও এমিল সুতভস্কির অপসারণ দাবি করা হয়েছে, যার সাম্প্রতিক মন্তব্যকে ‘নোংরা, জঘন্য এবং নিষ্ঠুর’ বলে অভিহিত করা হয়েছে। পিটিশনটি FIDE-এর এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিশনকে তার কোডের ১০-১৪ ধারা প্রয়োগ করে তদন্ত শুরু করতে, ক্রামনিককে সাময়িকভাবে বরখাস্ত করতে এবং এমনকি নৈতিকতা লঙ্ঘনের দায়ে দোষী প্রমাণিত হলে তাঁর শিরোপা বাতিল করারও দাবি জানিয়েছে।
দাবিতে বলা হয়েছে, ক্রামনিক মানব মর্যাদা, সততা এবং জবাবদিহিতা সংক্রান্ত FIDE-এর এথিক্স ও ডিসিপ্লিনারি কোডের একাধিক ধারা লঙ্ঘন করেছেন। তাঁর প্রকাশ্য পোস্টগুলি নারোদিতস্কির মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় “শুধু একজন প্রিয় গ্র্যান্ডমাস্টারের স্মৃতি নয়, বরং দাবা সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করেছে।”
পিটিশনে ফ্রান্সের আসনিয়ের-সুর-সেন-এ থাকা “রু ভ্লাদিমির ক্রামনিক”-এর নাম পরিবর্তন করে “রু ড্যানিয়েল নারোদিতস্কি” করার মতো প্রতীকী পদক্ষেপের জন্যও আবেদন করা হয়েছে। চেস স্ট্রিমার আন্না ক্রামলিং-এর মতো সমর্থকরাও সংহতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমার মনে হয়, আমাদের সবার ড্যানিয়েল নারোদিতস্কির মতো হওয়া উচিত।” অন্যদিকে, গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো বিতর্কের নৈতিক মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন: “একটি খেলার জন্য একটি সুন্দর তরুণ জীবন নষ্ট করা কি সার্থক হবে?”
জবাবদিহিতা ও সহানুভূতির আহ্বান জানিয়ে পিটিশনটি শেষ হয়েছে: “যখন বিশ্ব ড্যানিয়েলের মতো কাউকে হারায়, তখন দয়া, ধৈর্য, ভালোবাসা এবং বোঝাপড়া ছাড়া আর কিছুই দেওয়া উচিত নয়।”
সম্প্রতি, FIDE সভাপতি আর্কাডি ভোরকোভিচ ঘোষণা করেছেন যে বিশ্ব দাবা সংস্থা গ্র্যান্ডমাস্টার দানিয়া নারোদিতস্কির মৃত্যুর আগে ও পরে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্রামনিকের সমস্ত পাবলিক স্টেটমেন্ট খতিয়ে দেখবে। ক্রামনিকের অবদানকে স্বীকৃতি দিয়ে ভোরকোভিচ জোর দিয়ে বলেছেন যে “মহান অর্জনগুলি ন্যায্য ও সম্মান বজায় রাখার দায়িত্বও দেয়।” তিনি আরও যোগ করেন যে দাবা জগতে সাম্প্রতিক বিতর্কগুলি ‘গ্রহণযোগ্য সীমা’ অতিক্রম করেছে, যার ফলে হয়রানি এবং ব্যক্তিগত আক্রমণ বেড়েছে।





