রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রাতঃরাশ অনুষ্ঠানকে ঘিরে তৃণমূল কংগ্রেসে তৈরি হলো নতুন বিতর্ক। রমজান মাস ও মুসলিম সাংসদদের প্রতি সহমর্মিতার খাতিরে তৃণমূল আগেই এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। দলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছিলেন যে, তৃণমূলের কোনো সাংসদই সোমবারের এই অনুষ্ঠানে যোগ দেবেন না। কিন্তু দলের সেই শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে হাজির হয়ে রাজনীতির অন্দরে তোলপাড় ফেলে দিলেন দমদমের সাংসদ সৌগত রায়।
দলের এই নির্দেশ অমান্য করা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তৃণমূলের সংসদীয় ডেপুটি লিডার শতাব্দী রায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখে বলেছেন, “দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বিষয়টি বুঝবেন। সৌগতদার এই কাজ দলের লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে সংশয় আছে।” অন্যদিকে, সুযোগ পেয়েই বিজেপি নেতা মনোজ টিগ্গা কটাক্ষ করেছেন, “সৌগত রায় মনে হয় দলের কথা আর মানছেন না। একজন প্রবীণ সাংসদ হয়েও তিনি দলের ঊর্ধ্বে উঠে কাজ করছেন।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংসদের অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ সাংসদ হিসেবে সৌগত রায় হয়তো সংসদীয় সৌজন্যকেই প্রাধান্য দিয়েছেন। দল ও মতের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত বা সাংবিধানিক মর্যাদা রক্ষার তাগিদেই হয়তো তিনি এই সিদ্ধান্তে অটল থেকেছেন। তবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তাঁর এই পদক্ষেপ আগামী দিনে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর সবার।