রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা দ্রুত এগিয়ে আসছে। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশ কার্যকর করতে নবান্নের ওপর প্রায় ১০,৪০০ কোটি টাকার বিশাল আর্থিক বোঝা চাপতে চলেছে।
বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ গত ৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়েছে, ডিএ কোনো দয়ার দান নয়, এটি সরকারি কর্মচারীদের আইনি অধিকার। আদালত সাফ জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র একটি বড় অংশ এই অর্থবর্ষের মধ্যেই মেটাতে হবে।
বর্তমানে রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্পের খরচ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সরকার। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা রায়ের আইনি ও আর্থিক দিক খতিয়ে দেখছে। গুঞ্জন শোনা যাচ্ছে, রাজ্য সরকার হয়তো এই রায় পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে ‘রিভিউ পিটিশন’ দাখিল করতে পারে। ১৫ এপ্রিলের মধ্যে আদালতকে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে পদক্ষেপের কথা। এখন দেখার, নবান্ন আদালতের নির্দেশ পালন করে নাকি নতুন আইনি লড়াইয়ের পথে হাঁটে।