মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) নিশ্চিত করেছে যে, গত ৪ঠা মার্চ বুধবার থেকে তারা তেহরানে আইআরজিসি-র প্রধান কার্যালয়, বাসিজ আধাসামরিক বাহিনীর সদর দফতর এবং কুদস ফোর্সের একাধিক ডেরা লক্ষ্য করে কয়েক দফায় ‘ওয়াইড-স্কেল’ বা বড় মাপের বিমান হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, ড্রোন তৈরির কারখানা এবং গোপন সামরিক নিয়ন্ত্রণ কক্ষগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, ইজরায়েলি বায়ুসেনা (IAF) তেহরানের উপকণ্ঠে থাকা খোজির (Khojir) মিসাইল উৎপাদন কেন্দ্র এবং ইসফাহানে ঘাদির (Ghadr) মিসাইল স্টোরেজ সাইটে নিখুঁত লক্ষ্যভেদে হামলা চালিয়েছে। এছাড়াও, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দফতর এবং সাইবার-ওয়ারফেয়ার সদর দফতরগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে আইডিএফ দাবি করেছে। ইরান পালটা হুঁশিয়ারি দিলেও, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের পরমাণু ও সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান থামবে না। সব মিলিয়ে গোটা অঞ্চল এখন এক ভয়াবহ মহাযুদ্ধের দোরগোড়ায়।