২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। নবান্ন দখল বজায় রাখতে এবার রণকৌশলে বড়সড় বদল আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় বড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কয়েক ডজন প্রবীণ এবং বিতর্কিত বিধায়ককে সরিয়ে সেখানে জায়গা করে নিতে পারেন একঝাঁক তরুণ এবং স্বচ্ছ ভাবমূর্তির ‘নতুন মুখ’।
প্রার্থী তালিকায় কাদের নাম? দলের অন্দরের খবর, গত কয়েক বছরে যাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে এবং যাদের বিরুদ্ধে এলাকায় জনরোষ রয়েছে, তাঁদের এবার টিকিট না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত একপ্রকার নিয়ে ফেলেছেন মমতা-অভিষেক জুটি। এর বদলে ছাত্র ও যুব সংগঠনের দক্ষ কর্মীদের পাশাপাশি চিকিৎসক, খেলোয়াড় এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের প্রার্থী করার সম্ভাবনা প্রবল। বিশেষ করে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে সংগঠনের হাল ফেরাতে একঝাঁক তাজা মুখ নিয়ে বাজি ধরতে চাইছে ঘাসফুল শিবির।
সোশ্যাল মিডিয়ায় কড়া দাওয়াই: প্রার্থী তালিকায় রদবদল মানেই দলের অন্দরে ক্ষোভের আশঙ্কা। টিকিট না পেয়ে কোনো বিধায়ক বা নেতা যাতে বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে না দাঁড়ান বা দলের ক্ষতি না করেন, তার জন্য আগেভাগেই সতর্ক তৃণমূল। আজ থেকেই দলের আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া শুরু হয়েছে। পোস্টগুলিতে সাফ বলা হয়েছে— “দল যাকে প্রতীক দেবে, তিনিই প্রার্থী। ব্যক্তির চেয়ে দলের স্বার্থ বড়।” কোনো প্রকার শৃঙ্খলাভঙ্গ বা প্রকাশ্যে ক্ষোভ প্রদর্শন করলে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখা হয়েছে।