অনলাইনে বিরিয়ানি অর্ডার করে চরম অভিজ্ঞতার মুখে পড়লেন হায়দরাবাদের এক গ্রাহক। ফ্রিজে রাখা তিন দিনের পুরনো বাসি ও পচা বিরিয়ানি গ্রাহককে পরিবেশন করার অভিযোগে ‘লাকি বিরিয়ানি শাওয়ারমা’ (Lucky Biryani Shawarma) নামে এক রেস্তোরাঁ সিল করে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বানজারা হিলস রোড নম্বর ২ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে এক ব্যক্তি ‘জোমাটো’ অ্যাপের মাধ্যমে চিকেন বিরিয়ানি অর্ডার করেন। প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তিনি পুলিশে অভিযোগ জানান। বানজারা হিলস পুলিশ ওই রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার মতো তথ্য পায়। দেখা যায়, ফ্রিজের ভেতরে অন্তত ৮০ প্যাকেট বিরিয়ানি তিন দিন আগে থেকে মজুত করা ছিল এবং ফ্রিজের মধ্যেই ইঁদুর ঘোরাঘুরি করছিল। তদন্তে জানা যায়, রেস্তোরাঁ মালিক ইরফান জ়িদিমেটলায় বিরিয়ানি রান্না করে প্যাকেটে ভরে এখানে মজুত রাখতেন এবং অর্ডার এলে তা গরম করে গ্রাহককে পাঠাতেন।
অস্বাস্থ্যকর পরিবেশ এবং নষ্ট খাবার বিক্রির অপরাধে পুলিশ রেস্তোরাঁটি সিল করে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথাও ভেজাল বা বাসি খাবার বিক্রি হতে দেখলে সাধারণ মানুষকে ৮৭১২৬৬১২১২ (H-FAST) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





