মহারাষ্ট্রের নাসিকে ফের প্রকাশ্যে এল সরকারি দপ্তরে শিকড় গেড়ে বসা দুর্নীতির নগ্ন ছবি। জিএসটি (GST) তদন্ত মিটিয়ে দেওয়ার নাম করে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন দুই সিনিয়র জিএসটি অফিসার এবং এক মধ্যস্থতাকারী। নাসিক ডিভিশনের স্টেট ট্যাক্স দপ্তরে কর্মরত ডেপুটি কমিশনার সোমনাথ দত্তু পেজ (৪৭) এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার মছিন্দ্র বিঠ্ঠল দোন্ডের (৫৫) বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে, যখন ওই দুই অফিসার নাসিকের এক ব্যবসায়ীর অফিসে হানা দিয়ে অনিয়মের অভিযোগ তোলেন। তদন্ত থেকে রেহাই দেওয়ার বিনিময়ে তারা শুরুতেই দাবি করেন ১.২৫ কোটি টাকা। পরে দরকষাকষিতে তা ১ কোটিতে নেমে আসে এবং প্রথম কিস্তি হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। ব্যবসায়ী বাধ্য হয়ে মুম্বাইয়ের অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-তে অভিযোগ জানান।
গত ৬ মার্চ পাথর্দি ফাটা এলাকায় ফাঁদ পাতে ACB। মধ্যস্থতাকারী অমিত হিরামণ যাদব (৩৬) ২০ লক্ষ টাকা নিতেই তাকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখা। এরপরই গ্রেপ্তার করা হয় দুই জিএসটি অফিসারকে। ডেপুটি কমিশনারের অফিস থেকে আরও ২ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট’-এ মামলা রুজু করা হয়েছে। ব্যবসায়ীদের মতে, একদিকে ট্যাক্স আদায়ের চাপ, অন্যদিকে ঘুষের এই দ্বিমুখী আক্রমণে নাভিশ্বাস ওঠার জোগাড়। যদিও ACB-এর এই কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের মনে দুর্নীতির বিরুদ্ধে কিছুটা হলেও ভরসা জুগিয়েছে। তদন্ত চলছে, আরও বড় কোনো চক্র জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।