দক্ষিণ কোরিয়ার মাটিতে দাঁড়িয়ে প্রতিরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল ভারত। সিওলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ-ব্যাকের সঙ্গে হাই-প্রোফাইল বৈঠকে বসলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের মধ্যে ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্ব’ আরও মজবুত করতে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা এবং কৌশলগত ক্ষেত্রে এক যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৈঠক শেষে রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সামরিক পরিকাঠামো রক্ষার পাশাপাশি ডিজিটাল প্রতিরক্ষার মতো আধুনিক যুদ্ধ চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশ একযোগে কাজ করবে। এই চুক্তির আওতায় ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা উদ্যোগে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সিওল ন্যাশনাল সিমেট্রিতে গিয়ে কোরীয় যুদ্ধে শহিদ সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাজনাথ সিং। ভিয়েতনাম সফর শেষ করে চার দিনের এই দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় পর্বে ১৯ মে কোরিয়ায় পৌঁছন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি রক্ষা ও চিনের একাধিপত্য রুখতে এই সফর ভারতের এক মস্ত বড় চাল।





