ডিজিটাল দুনিয়ায় মোদী-ঝড়! ইনস্টাগ্রামে ১০ কোটির গণ্ডি পেরিয়ে বিশ্বরেকর্ড প্রধানমন্ত্রীর!

ডিজিটাল দুনিয়ায় আবারও অপ্রতিরোধ্য নরেন্দ্র মোদী। আজ, ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন। প্রথম বিশ্বনেতা হিসেবে তাঁর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়ে ফেলল ১০০ মিলিয়ন বা ১০ কোটির গণ্ডি। বিশ্ব রাজনীতির আঙিনায় অন্য কোনও নেতার এই পরিমাণ ডিজিটাল জনভিত্তি নেই।

২০১৪ সালে ইনস্টাগ্রাম যাত্রা শুরু করার পর থেকে গত এক দশকে মোদীর প্রোফাইলটি কেবল সরকারি প্রচারের মাধ্যম হয়ে থাকেনি, বরং এটি হয়ে উঠেছে উচ্চ-এনগেজমেন্টের অন্যতম বড় প্ল্যাটফর্ম। তাঁর দৈনন্দিন কর্মসূচি থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত— সবটাই নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মোদী তাঁর সমসাময়িক বিশ্বনেতাদের তুলনায় অনেকটাই এগিয়ে। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা প্রায় ৪৩.২ মিলিয়ন, যা মোদীর অর্ধেকেরও কম। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর ফলোয়ার্স মাত্র ১৫ মিলিয়ন।

এরপরের স্থানগুলোতে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা (১৪.৪ মিলিয়ন), তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান (১১.৬ মিলিয়ন) এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই (৬.৪ মিলিয়ন)। সব মিলিয়ে, ইনস্টাগ্রামে এই সেঞ্চুরি হাঁকিয়ে নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন যে, ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব রাজনীতির ডিজিটাল পরিসরেও তিনিই এখনকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy