২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে রাজু কর্মকারকে প্রার্থী করায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকরা। শুক্রবার মালদহের বৈষ্ণবনগর বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি— ‘বহিরাগত’ প্রার্থীকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর ব্লকের বাসিন্দা নন, এমনকি তিনি দলের সাধারণ বুথ সভাপতিদের নাম পর্যন্ত জানেন না। তাঁদের দাবি, এই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি এবং হিন্দু সংগঠনের বড় প্রভাব রয়েছে। সেখানে স্থানীয় কোনও যোগ্য নেতাকে প্রার্থী না করে ‘টাকার বিনিময়ে’ এক বহিরাগতকে টিকিট দেওয়া হয়েছে। বিজেপি কর্মী অপূর্ব মণ্ডল বলেন, “আমরা চাই ঘরের ছেলেকে প্রার্থী করা হোক। বহিরাগত কেউ এলে আমাদের নিশ্চিত জেতা আসনটি হাতছাড়া হতে পারে।”
অন্যদিকে, বিজেপি নেতা জগাই ঘোষ সরাসরি আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বলেন, “টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। আমরা কলার গাছকেও মেনে নেব কিন্তু ওনাকে নয়। প্রার্থী বদল না হলে আমরা আমরণ অনশন করব।” যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির রাজ্য বা জেলা নেতৃত্ব এখনও মুখ খোলেনি। তবে সূত্রের খবর, আপাতত প্রার্থী বদলের কোনও পরিকল্পনা নেই হাই কমান্ডের। ফলে ভোটের আগে বৈষ্ণবনগরে পদ্ম শিবিরের অন্তর্কলহ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।