জ্বালানি সাশ্রয়ে নজির গড়লেন প্রশাসনিক আধিকারিকরা, বাসেই দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকে জেলাশাসকরা!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কার মধ্যেই এক অনন্য নজির গড়লেন প্রশাসনিক আধিকারিকরা। জ্বালানি সাশ্রয় করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার গুরুত্ব অনুধাবন করে ব্যক্তিগত গাড়ির বদলে বাসে করে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন জেলাশাসকসহ উচ্চপদস্থ আধিকারিকরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুর্গাপুরে ৫টি জেলার আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক রিভিউ মিটিং করছেন। এই বৈঠকে উপস্থিত থাকার কথা জেলার বিডিও, এসডিও, অতিরিক্ত জেলাশাসক এবং জেলাশাসকদের। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তাকে মর্যাদা দিয়ে এই আধিকারিকরা ব্যক্তিগত গাড়ির পরিবর্তে দুটি সরকারি বাসে একসঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা দেন।

পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোণ্ঠম জানান, প্রধানমন্ত্রীর পেট্রোল বাঁচানোর বার্তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও নিজের নিরাপত্তা সংক্রান্ত গাড়ি ছাড়া বাড়তি কোনো গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি, সার ও খাদ্যপণ্যের সরবরাহ শৃঙ্খলে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। ভারত তার প্রয়োজনীয় খনিজ তেলের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে। এমতাবস্থায় দেশের সম্পদের ওপর চাপ কমাতে এবং জ্বালানি আমদানির সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই সাশ্রয়ের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশাসনিক আধিকারিকদের এই পদক্ষেপ সাধারণ মানুষকেও জ্বালানি সাশ্রয়ে উৎসাহিত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy