জ্বালানি সংকটে বড় ভরসা! ফুজাইরা বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা ‘জগ লড়কি’-র

মধ্যপ্রাচ্যের অস্থিরতার আবহে ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য এল এক বড় স্বস্তির খবর। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে প্রায় ৮০,৮০০ টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে যাত্রা শুরু করেছে ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘জগ লড়কি’। যদিও সম্প্রতি এই জাহাজটি হামলার শিকার হয়েছিল, তবে সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজের সমস্ত নাবিক সুরক্ষিত রয়েছেন।

এই স্বস্তির পাশাপাশি ভারতের পথে রয়েছে আরও এলপিজি ও তেল বোঝাই জাহাজ। শপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চার্টার করা দুটি বিশাল এলপিজি ক্যারিয়ার—‘শিবালিক’ এবং ‘নন্দদেবী’—মোট ৯২,৭০০ টন এলপিজি নিয়ে আসছে। শিবালিক মুন্দ্রা বন্দরে এবং নন্দদেবী কান্দলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি, ১.৪ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে মুম্বই উপকূলে পৌঁছেছে ‘সেনলং সুয়েজম্যাক্স’ এবং ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে হরমুজ পার হয়েছে ‘জগপ্রকাশ’।

ভারতীয় জাহাজগুলোর এই নিরাপদ চলাচলের নেপথ্যে রয়েছে ভারতীয় নৌ-বাহিনীর ‘অপারেশন সংকল্প’। সংকটের এই সময়ে ভারতীয় রণতরীগুলো হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে কড়া নজরদারি চালাচ্ছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। যদিও এখনো ২২টি জাহাজ হরমুজে আটকে রয়েছে, তবে সরকার বারবার আশ্বস্ত করছে যে, গৃহস্থালির রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত বুকিং না করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy