জাল পাসপোর্ট কাণ্ডে ফের ইডি-র রেইড! নদিয়ার চাকদহে কাঠমিস্ত্রির মাটির বাড়ি থেকে উদ্ধার একাধিক সন্দেহজনক নথি, বাড়ছে চাঞ্চল্য

জাল পাসপোর্ট কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ফের নড়েচড়ে বসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোমবার ভোরে নদিয়া জেলার চাকদহের পরারি গ্রামে এক কাঠমিস্ত্রি বিপ্লব সরকার-এর বাড়িতে হানা দেয়। আপাতদৃষ্টিতে সাধারণ, টিনের ছাউনি দেওয়া ওই মাটির ঘরে একাধিক সন্দেহজনক নথি খুঁজে পেয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তল্লাশি ও জেরা।

ইডি সূত্রে খবর, বিপ্লব সরকারের বাড়ি থেকে একাধিক পাসপোর্ট ও নথিপত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীরা সেগুলির উৎস, তৈরির প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রার রেকর্ড খতিয়ে দেখছেন। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের সূত্র:

জানা গেছে, এই তদন্তের সূত্রপাত হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক-এর গ্রেফতারির পর। অভিযোগ, সে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি করত। সেই মামলার তদন্তে উঠে আসে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তের নাম, যে আজাদের পাসপোর্ট নবীকরণে সরাসরি যুক্ত ছিল।

তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী, চাকদহের ইন্দুভূষণের সাইবার ক্যাফে থেকেই অন্তত সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল। সেই সূত্র ধরেই এবার কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের নাম উঠে এসেছে।

খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশি সংযোগ:

ইডি এখন বিপ্লব সরকারের ব্যাংক লেনদেন, পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি, এবং মোবাইল ডেটা খুঁটিয়ে দেখছে। একই সঙ্গে তাঁর কোনো বাংলাদেশি সংযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বিপ্লবের ভাই বিপুল সরকার ও পরিবারের অন্যান্য সদস্যদের নথি ও পরিচয়পত্রও যাচাই করা হচ্ছে। চাকদহের মতো সীমান্তবর্তী অঞ্চলে জাল পাসপোর্ট চক্রের এমন নতুন পরত উন্মোচনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ব্যাপক তৎপরতা বাড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy