১৬৪ বছর পর ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল তিলোত্তমা। চিরতরে বদলে গেল দেশের প্রাচীনতম উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের ঠিকানা। এতদিন হাইকোর্টের ঠিকানা ছিল ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট), যা এখন থেকে পরিচিত হবে ৩ নম্বর জাস্টিস রাধাবিনোদ পাল সরণী নামে। ব্রিটিশ আমলের নাম মুছে এক বাঙালি আইনজ্ঞের নামে এই রাস্তার নামকরণ করল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার হাইকোর্টের পক্ষ থেকে এই নাম বদলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ। গত বছর জাপানে এক প্রতিনিধি দলের সফরে গিয়ে তিনি বিচারক রাধাবিনোদ পালের প্রতি জাপানিদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা প্রত্যক্ষ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সামরিক আদালতে জাপানের পক্ষে দাঁড়ানো এই বাঙালি বিচারককে আজও জাপানে ‘জাতীয় বন্ধু’ হিসেবে স্মরণ করা হয়। টোকিওতে তাঁর নামে মিউজিয়াম ও রাস্তা থাকলেও কলকাতায় তাঁর তেমন স্বীকৃতি ছিল না। ফিরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিদগ্ধ আইনজ্ঞের নামে রাস্তার প্রস্তাব দেন, যা এখন বাস্তবে রূপ নিল।