বংশীহারী থানার অন্তর্গত ধুমসাদিঘি এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। দ্রুতগতিতে আসা একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই মর্মান্তিক ঘটনা। নিহত যুবকের নাম তন্ময় সরকার (২৫)। তাঁর বাড়ি বংশীহারীর পাথরঘাটা এলাকায়। শনিবার রাতের এই দুর্ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বুনিয়াদপুর থেকে ধুমসাদিঘির দিকে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছিল। ঠিক সেই সময় উলটো দিক থেকে বুনিয়াদপুরমুখী মোটরবাইকটি আসছিল। ধুমসাদিঘি এলাকায় পৌঁছতেই দুটি গাড়ির মধ্যে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী তন্ময় সরকার ছিটকে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত বাইক আরোহীকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তন্ময় সরকারকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় বংশীহারী থানার পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এদিকে, স্থানীয় বাসিন্দারা এই ধরনের দুর্ঘটনার জন্য মাছ বোঝাই পিকআপ ভ্যানগুলির বেপরোয়া গতিকেই দায়ী করছেন। এলাকার বাসিন্দা গৌতম কুমার মণ্ডল অভিযোগ করে বলেন, “আমাদের এখানে মাছ বোঝাই পিকআপ ভ্যানের দ্রুতগতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজও এক যুবকের প্রাণ গেল। আমরা চাই এখানে ব্যারিকেড বসানো হোক এবং পিকআপ ভ্যানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”