জলপাইগুড়ি শহরে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় হোটেল ও রেস্তরাঁ ব্যবসায়। পর্যাপ্ত সিলিন্ডার না পাওয়ায় অনেক জায়গাতেই মেনু কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই অবস্থা চলতে থাকলে অনির্দিষ্টকালের জন্য ঝাঁপ বন্ধ করে দিতে হবে শহরের একাধিক ছোট-বড় খাবারের দোকানের।
গ্যাসের এই আকাল শুধু ব্যবসায়ীদের নয়, কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কয়েকশো হোটেল শ্রমিকেরও। রেস্তরাঁ বন্ধ হয়ে গেলে সংসার কীভাবে চলবে, সেই আশঙ্কায় দিন কাটছে কর্মীদের। ব্যবসায়ীদের দাবি, সময়মতো বাণিজ্যিক সিলিন্ডার না পাওয়ায় কালোবাজারির খপ্পরে পড়তে হচ্ছে তাঁদের। দ্রুত এই সমস্যার সমাধান না হলে জলপাইগুড়ির খাদ্যসংকট যেমন বাড়বে, তেমনই কয়েকশো মানুষের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়বে। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন হোটেল মালিক সংগঠন।