বক্স অফিসে রাজত্ব করতে এলেন নতুন রাজা! শাহরুখ খানের ‘জওয়ান’, ‘পাঠান’ কিংবা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’—সব রেকর্ড এখন ফিকে। ১৯ মার্চ মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2) প্রথম দিনেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন ইতিহাস লিখে দিল। এটিই প্রথম হিন্দি ছবি যা মুক্তির প্রথম দিনেই নিট ১০০ কোটি টাকার গণ্ডি স্পর্শ করল।
ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, শুধুমাত্র বৃহস্পতিবার (মুক্তির দিন) ভারতের বাজার থেকে এই স্পাই-থ্রিলারটি আয় করেছে প্রায় ১০২.৫৫ কোটি টাকা। এর সঙ্গে ১৮ তারিখের পেইড প্রিভিউ-এর ৪৩ কোটি টাকা যোগ করলে প্রথম দিনেই ছবিটির মোট ঘরোয়া রোজগার দাঁড়িয়েছে ১৪৫.৫৫ কোটি টাকা (নেট)। বিশ্বজুড়ে এই আয়ের অঙ্ক আরও আকাশছোঁয়া। প্রথম দিনেই বিশ্বব্যাপী ২৩৬ কোটি থেকে ২৪০ কোটি টাকার ব্যবসা করে ‘ধুরন্ধর ২’ এখন ভারতীয় সিনেমার দ্বিতীয় বৃহত্তম ওপেনার, যা কেবল অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর পিছনে রয়েছে।
রণবীর সিং অভিনীত এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারাও। ৩ ঘণ্টা ৪৯ মিনিটের দীর্ঘ রানটাইম সত্ত্বেও দর্শকের উন্মাদনায় এতটুকু ভাঁটা পড়েনি। ঈদ এবং গুড়ি পড়বার ছুটির মরসুমকে কাজে লাগিয়ে এই ছবি যেভাবে ‘জওয়ান’-এর ৭৫ কোটি বা ‘অ্যানিম্যাল’-এর ৬৪ কোটির ওপেনিং রেকর্ড গুঁড়িয়ে দিল, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন খুব দ্রুতই এটি ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে। বক্স অফিসের এই ‘ধুরন্ধর’ গতি এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু।