টিম ইন্ডিয়ার ‘চায়নাম্যান’ স্পিনার কুলদীপ যাদব এখন জীবনের এক নতুন পিচে ব্যাটিং শুরু করেছেন। গত ১৪ মার্চ উত্তরাখণ্ডের মুসৌরিতে ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর, মঙ্গলবার ১৭ মার্চ উত্তরপ্রদেশের লখনউতে আয়োজিত হলো তাঁদের রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনা (রিসেপশন)। লখনউয়ের বিলাসবহুল ‘দ্য সেন্ট্রাম’ হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। কুলদীপ পরম শ্রদ্ধায় তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন এবং স্ত্রী বংশিকা হাতজোড় করে আশীর্বাদ প্রার্থনা করেন। মুখ্যমন্ত্রী নবদম্পতিকে পুষ্পস্তবক ও বিশেষ উপহার প্রদান করেন। এমনকি কুলদীপের ভাই যশ যাদবের কোলে থাকা শিশুটিকেও পরম স্নেহে চকোলেট উপহার দেন যোগীজি।
মুসৌরির সেই ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, মহম্মদ কাইফ এবং সতীর্থ যুজবেন্দ্র চাহাল ও রিঙ্কু সিং। তাঁদের নাচগানের ভিডিও ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের বিশ্বজয়ের অন্যতম নায়ক ছিলেন কুলদীপ। গত বছর লখনউতে এক ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। দেশের হয়ে মাঠ কাপানোর পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন এই তারকা স্পিনার।