দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব। চিনের তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করায় নয়ডার খ্যাতনামা গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে (Galgotias University) মাঝপথেই সম্মেলন থেকে বহিষ্কার করা হলো। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের স্টল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কীভাবে ফাঁস হলো জালিয়াতি? সম্মেলনে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি রোবট কুকুর প্রদর্শন করা হয়েছিল, যার নাম তারা দিয়েছিল ‘ওরিয়ন’ (Orion)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তথা বিভাগীয় প্রধান নেহা সিং বুক ফুলিয়ে দাবি করছেন যে, এই রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তৈরি করা হয়েছে। এমনকি ৩৫০ কোটি টাকার এআই বিনিয়োগের মাধ্যমে এটি বানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই প্রযুক্তি বিশেষজ্ঞরা দ্রুত ধরিয়ে দেন যে, এটি আসলে চিনের বিখ্যাত রোবটিক্স সংস্থা ‘ইউনিট্রি’ (Unitree)-এর তৈরি ‘Unitree Go2’ মডেলের একটি রোবট। যা বাজারে সহজেই কেনা যায়। জালিয়াতি ধরা পড়তেই সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ ওঠে যে, চিনা ব্র্যান্ডিং ঢেকে সেটিকে দেশীয় আবিষ্কার হিসেবে চালিয়ে দিয়ে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অবমাননা করা হয়েছে।
কেন্দ্রের কড়া ব্যবস্থা ও ক্ষমা: বিষয়টি জানাজানি হতেই আইটি মন্ত্রকের সচিব এস. কৃষ্ণন স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো জালিয়াতি সহ্য করা হবে না। এরপরই গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে সম্মেলন ছাড়তে বলা হয় এবং তাদের স্টলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। চরম বিতর্কের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফাই দিয়েছে যে, এটি কেবল পড়ুয়াদের শেখার জন্য কেনা হয়েছিল এবং ‘ভুল বোঝাবুঝি’র কারণে এমনটি ঘটেছে। তবে ভারতের মাটিতে আয়োজিত এত বড় একটি আন্তর্জাতিক মঞ্চে এই ধরণের চুরির ঘটনা ভারতীয় শিক্ষা ও গবেষণা জগতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।