আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক চাঞ্চল্যকর মোড়! ইরানের থেকে কেনা তেলের দাম চিনা মুদ্রা ‘ইউয়ান’ (Yuan)-এ মেটানোর খবরের সত্যতা স্বীকার করে নিল ভারত সরকার। সংবাদ সংস্থা রয়টার্স প্রথম এই লেনদেনের খবর সামনে আনলেও, এবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঘরোয়া চাহিদা মেটাতে এই পদ্ধতিতে দাম মেটানোর মধ্যে কোনো অন্যায় নেই।
লেনদেনের নেপথ্যে আইসিআইসিআই ব্যাঙ্ক:
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় শোধনাগারগুলি ইরানের তেলের দাম মেটাচ্ছে চিনা মুদ্রায়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে ICICI ব্যাঙ্কের শাংহাই শাখার মাধ্যমে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, তৈল বিপণন সংস্থাগুলি দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে।
৭ বছর পর ফিরল ইরানের তেল:
আমেরিকার নিষেধাজ্ঞার জেরে ২০১৯ সাল থেকে ইরানের তেল কেনা বন্ধ রেখেছিল ভারত। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতির চাপে আমেরিকা সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীর্ঘ সাত বছর পর ফের ইরানের তেল ভারতে ঢুকছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ইতিমধ্যেই ‘Jaya’ নামক ট্যাঙ্কার থেকে ২০ লক্ষ ব্যারেল তেল কিনেছে, যার আর্থিক মূল্য প্রায় ১৮৫২ কোটি টাকা (২০০ মিলিয়ন ডলার)। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজও একইভাবে ইউয়ান ব্যবহার করে তেল আমদানি শুরু করেছে।
ডলারের আধিপত্যে টান ও ট্রাম্পের উদ্বেগ:
বিশেষজ্ঞদের মতে, ভারত যেভাবে রাশিয়া ও ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চিনা মুদ্রা ইউয়ান ব্যবহার করছে, তাতে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং চিনা মুদ্রার এই রমরমা রুখতে আমেরিকার চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প, যা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে।





