লখনউয়ের বিকেটি থানা এলাকার তেজস হাসপাতালে এক ১৯ বছর বয়সী ইন্টারমিডিয়েট ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। মৃগীরোগের চিকিৎসার জন্য ভর্তি হওয়া ওই ছাত্রীকে অপারেশন থিয়েটারে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক বিজয় কুমার গিরির বিরুদ্ধে। ঘটনার পরই রোগীর পরিবার হাসপাতালে ব্যাপক হট্টগোল শুরু করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে আটক করে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ডাক্তার পরিকল্পিতভাবে নার্স ও রোগীর বোনকে অপারেশন থিয়েটার থেকে বের করে দিয়ে এই জঘন্য কাণ্ড ঘটান। জ্ঞান ফেরার পর ছাত্রীটি পরিবারকে পুরো বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন তারা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রশাসন দ্রুত হাসপাতালটি সিল করে দিয়েছে। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের ডাক্তারি লাইসেন্স স্থায়ীভাবে বাতিল এবং ঝাঁসির বেসরকারি মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তাঁর বিএএমএস (BAMS) ডিগ্রি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং হাসপাতালের কর্মীদের জবানবন্দি নিয়ে তদন্ত জোরদার করেছে পুলিশ।





