চাঁদের বুকে ঠিক কোথায় নামবে চন্দ্রযান-৪? ইসরোর মাস্টারপ্ল্যানে কেল্লাফতে!

চন্দ্রযান-৩-এর অভাবনীয় সাফল্যের পর এবার ভারত প্রস্তুত হচ্ছে তার সবথেকে জটিল এবং উচ্চাভিলাষী মহাকাশ অভিযান ‘চন্দ্রযান-৪’-এর জন্য। ২০২৮ সালের এই মিশনটি যে কতটা কঠিন হতে চলেছে, তার আঁচ পাওয়া গেল ইসরোর সাম্প্রতিক সিদ্ধান্তে। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুর দুর্গম পাহাড়ি অঞ্চল ‘মনস মাউটন’-এর বুকে অবতরণের জন্য একটি নির্দিষ্ট স্থান চূড়ান্ত করেছেন বিজ্ঞানীরা।

ইসরো জানিয়েছে, অত্যাধুনিক ‘অরবিটার হাই রেজোলিউশন ক্যামেরা’-র সাহায্যে কয়েকশ ছবি বিশ্লেষণ করে চারটি সম্ভাব্য জায়গা (MM-1, MM-3, MM-4, MM-5) চিহ্নিত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ল্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে MM-4 নামক এলাকাটিকে। ১ কিমি বাই ১ কিমি আয়তনের এই এলাকাটি ৫,৩৩৪ মিটার উঁচুতে অবস্থিত এবং এর ঢাল মাত্র ৫ ডিগ্রি, যা ল্যান্ডার নামানোর জন্য আদর্শ ও নিরাপদ।

ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণ জানিয়েছেন, কেন্দ্র ইতিমধ্যে এই মিশনে সবুজ সংকেত দিয়েছে। এটি ভারতের ইতিহাসের সবথেকে জটিল চন্দ্রাভিযান হতে চলেছে কারণ এতে প্রপালশন, ডিসেন্ডার, অ্যাসেন্ডার, ট্রান্সফার এবং রি-এন্ট্রি মডিউলের মতো পাঁচটি আলাদা অংশ থাকছে। সহজ ভাষায়, ভারত এবার কেবল চাঁদে নামবে না, সেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসার চেষ্টাও করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy