ঘৃণার বদলে বিলোলেন ভালোবাসা! বর্ণবিদ্বেষী ট্রোলারদের ‘ফ্রি খেজুর’ খাওয়ার আমন্ত্রণ ব্রিটিশ মুসলিম ব্যবসায়ীর

এক মুহূর্তের গর্ব কীভাবে চরম যন্ত্রণায় পরিণত হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলেন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী সৈয়দ উসমান শাহ। লন্ডনের হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের বহুসাংস্কৃতিক পরিচয় উদযাপনের জন্য ৩৮ জন সফল বাসিন্দাকে বেছে নিয়েছিল। সেই তালিকায় নাম ছিল ‘দ্য ডেট সুলতান’ নামে পরিচিত খেজুর বিক্রেতা উসমানের। কিন্তু বিমানবন্দরে তাঁর ঐতিহ্যবাহী পোশাকে হাসিমুখের পোস্টারটি পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় বর্ণবিদ্বেষের বিষাক্ত তান্ডব।

রাতারাতি উসমানের ছবি ভাইরাল হয় ‘ভুল কারণে’। উগ্রপন্থীরা তাঁর ধর্ম ও পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে। কেউ লেখে ‘লন্ডনিস্তান’, কেউ আবার শ্বেতাঙ্গদের প্রতি অন্যায়ের অভিযোগ তোলে। উসমান জানান, “ভোর ৪টে থেকে আসা মেসেজগুলো আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। রান্নাঘরে দাঁড়িয়ে আমি হাউহাউ করে কেঁদে ফেলেছিলাম।” এমনকি তাঁর সঙ্গে থাকা এক মুসলিম নারী ক্রীড়াবিদও হেনস্থা সহ্য করতে না পেরে নিজের পোস্টার সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।

তবে হিথ্রো কর্তৃপক্ষ উসমানকে পোস্টার সরানোর প্রস্তাব দিলেও তিনি মাথা নত করতে অস্বীকার করেন। উল্টে তিনি এক অভূতপূর্ব নজির গড়েন। ট্রোলারদের উদ্দেশে উসমান বার্তা দেন, “আমি তোমাদের ঘৃণা করি না, ক্ষমা করে দিলাম। আমার দোকানে এসো, তোমাদের বিনামূল্যে খেজুর খাওয়াব।” এই ভালোবাসার ডাকে সাড়া দিয়ে অনেকেই পরে ফুল নিয়ে এসে ক্ষমা চেয়েছেন। ব্রিটেনে মুসলিম বিদ্বেষ ১৯% বৃদ্ধি পেলেও উসমান স্পষ্ট জানিয়েছেন, “এই দেশই আমাকে তৈরি করেছে, আমি ব্রিটিশ মুসলিম হিসেবে গর্বিত।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy