বাংলাদেশের রাজনৈতিক পালাবদল এবং পরবর্তী অস্থিরতার জেরে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ফের শুরু হলো ঐতিহাসিক আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস পরিষেবা। শেখ হাসিনা সরকার পতনের পর ইউনূস জমানার টানাপোড়েনে এই ‘রয়্যাল-মৈত্রী’ সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে ত্রিপুরার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার ২০ জন যাত্রী নিয়ে একটি বাস আখাউড়া চেকপোস্ট হয়ে আগরতলায় পৌঁছয়।
যাত্রীদের স্বাগত জানাতে সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি স্পষ্ট জানান, “বন্ধুত্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়।” আপাতত সপ্তাহে দুই দিন এই বাস চলাচল করবে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। বাসের চাকা গড়াতেই স্পষ্ট হচ্ছে যে, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এই রুটটি পুনরায় চালু হওয়ায় বিমান বা ট্রেনের বদলে অনেক কম খরচে এবং কম সময়ে কলকাতা ও আগরতলার মধ্যে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ।