গোবরডাঙা স্টেশনে বিধ্বংসী আগুন! ভস্মীভূত ১২টি দোকান, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই রেস্তোরাঁয় মজুত থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে ফেটে যাওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়।

খবর পেয়ে হাবড়া ও সংলগ্ন এলাকা থেকে একে একে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীরা প্রাণপণে তাঁদের মালপত্র বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনার জেরে সকালের ব্যস্ত সময়ে বনগাঁ শাখায় ট্রেন চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে, যার ফলে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছন গোবরডাঙা পুরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এবং রেল পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy