মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার সরাসরি বাংলার সাধারণ মানুষের পকেটে ও রান্নাঘরে। ভারতের তেলের ভাণ্ডারে আর মাত্র ২৫ দিনের জোগান অবশিষ্ট রয়েছে—কেন্দ্রীয় সরকারের এই তথ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদিয়া জেলা জুড়ে। পাম্পগুলিতে পেট্রোল-ডিজেল কেনার জন্য উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি। কৃষিকাজের জন্য ডিজেল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, “ভারতে প্রচুর অপরিশোধিত তেল মজুত রয়েছে। অহেতুক গুজবে কান দিয়ে তেল সঞ্চয় করবেন না।” অন্যদিকে, তৃণমূল যুব সভাপতি অয়ন দত্ত পাল্টা আক্রমণে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারই মানুষের মনে এই আতঙ্ক তৈরি করেছে। পাম্প মালিকদের দাবি, দু-দিনেই তেলের বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভাঁড়ারে টান পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী কয়েক দিনে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা থাকছে।