গুগল আই/ও ২০২৬ ইভেন্টে প্রযুক্তি বিশ্বে বিপ্লব ঘটাল গুগল। সংস্থাটি তাদের নতুন ‘অ্যান্ড্রয়েড এক্সআর’ স্মার্ট গ্লাসের ঘোষণা করেছে, যা জেমিনি এআই মডেলের সাথে যুক্ত। এই গ্লাসের মাধ্যমে ব্যবহারকারীরা হ্যান্ডস-ফ্রি উপায়ে যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া থেকে শুরু করে কল বা মেসেজ করার সুবিধা পাবেন। এতে থাকছে একটি বিশেষ ডিসপ্লে, যা সব নোটিফিকেশন চোখের সামনে তুলে ধরবে।
গুগল জানিয়েছে, স্মার্ট গ্লাসটির অডিও ভার্সন সবার আগে বাজারে আসবে। এতে থাকা জেমিনি এআই-কে ‘হে গুগল’ বলে অথবা ফ্রেমের বাটনে ট্যাপ করেই অ্যাক্টিভেট করা যাবে। এছাড়াও, গ্লাসটিতে থাকছে উন্নত ক্যামেরা ও রিয়েল-টাইম গুগল ট্রান্সলেট ফিচার, যার মাধ্যমে যেকোনো বোর্ডের ভাষাকে তাৎক্ষণিক নিজের ভাষায় অনুবাদ করা সম্ভব হবে।
আগামী ২০২৬ সালের শেষ নাগাদ বাজারে আসতে চলা এই স্মার্ট গ্লাসটি মেটার এআই গ্লাসকে সরাসরি টেক্কা দেবে। এই প্রজেক্টের জন্য গুগল স্যামসাং, জেন্টল মনস্টার এবং ওয়ারবি পার্কারের মতো বড় ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে। ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলতেই এই অভিনব প্রযুক্তি নিয়ে এসেছে গুগল।





